কবি তমাল শেখরকে দেওয়া সাক্ষাৎকার
১/ “চুম্বনে ভাঙছে রাত্রির অন্ধকার/ ঠোঁটের চাপে ভেঙে পড়ছে সঙ্ঘ, পরিবার/ পার্টি ভাঙছে, রাজ্য ভাঙছে কথায় কথায়” – ব্যক্তি থেকে সমাজ সবেতেই তুমি একটা ভাঙন দেখতে পাচ্ছ। তুমি কি হতাশ? ঠিক কীভাবে দেখছ ? উত্তরঃ এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে লাইনগুলির ভিন্ন ব্যাখ্যা অসম্ভব কিছু নয়। প্রসঙ্গত বলতে চাই, উদ্ধৃত অংশটি ‘ইচ্ছেপাঠ’ কাব্যগ্রন্থের দীর্ঘ কবিতাটি থেকে তুমি নিয়েছ। এই লেখাটি লেখার সময় বেশ কিছুদিন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। নিজেকেই নিজে প্রশ্ন করছিলাম। নিজেকে আকস্মিক বলে মনে হচ্ছিল না। মহা সময়ের অংশী বলেই মনে হচ্ছিল। আমি যেন মহাজাতক। আমার পেছনে অজস্র জন্মের ইতিহাস। শিকড়েরই খোঁজ চলছিল। আবার সমসাময়িক নানা ঘটনায় আমার অস্তিত্বই যেন প্রশ্নবিদ্ধ হচ্ছিল দিন দিন। কবিতাটি শুরুও হয়েছিল এইভাবে, ‘ বৃক্ষমূল থেকে শুরু করি প্রথম পাঠ/ বাকিসব জমা আগুনে’ । একটা অস্থিরতা অনুভব করছিলাম। ভাঙচুর শুধু যে নিজের ভেতর, তা নয়। মানুষের সৃষ্ট যাবতীয়ের ভেতরই দেখতে পাচ্ছিলাম; পুরাণ, ইতিহাস, ভূগোল, সমাজ, ধর্ম, ব্যক্তিসম্পর্ক-- সর্বত্র। একে কি নিরাশা বলা যায়! মনে হয় না। অজস্র দ্বন্দ্বের ভেতর ...